> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep1) | [জেসন](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep1?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep1?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep1?format=atom)

# স্মৃতির সরণিতে কল্লোলিনী

![স্মৃতির সরণিতে কল্লোলিনী](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1142-6b3afa.webp)

---
*[পিনুরাম](https://golpohub.com/authors/pinuram)-এর [রোদে ভেজা তিলোত্তমা](https://golpohub.com/series/rode-bheja-tilottoma) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 7 মিনিট*
- **মোট শব্দ:** 1,116
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

তুমি কি রোদে ভিজতে পারো? আমরা কিন্তু রোদে ভিজেছিলাম। সেসময়ে কলকাতা, কল্লোলিনী তিলোত্তমা ছিলো আজকের মতন ব্যাঙের ছাতা হয়ে যায়নি। ময়দানে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিলে গঙ্গার জলো বাতাসে বুক ভরে উঠতো। আউট্ট্রাম ঘাট তখন বাঁধানো ছিলো না, গঙ্গার পাড়ে সোঁদা মাটির ওপরে বসে চিনে বাদাম কিনে চিবোতে চিবোতে দু পায়ের নিচে দোল খেত গঙ্গার জল। ভিক্টরিয়ায়র সামনে থেকে দোতলা বাসের সামনের সিটে চেপে সোজা শ্যামবাজার আসার একটা আলাদা মজা ছিলো। রাজাবাজার ট্রামডিপো থেকে দৌড়ে ট্রাম ধরে কলেজস্ট্রীট যাবার এক আলাদা আনন্দ ছিলো সেই সময়ে। মোড়ের মাথার চায়ের দোকানের জায়গা নিল রকমারি কেক প্যাস্ট্রির দোকান। প্রেসিডেন্সির ঠিক সামনে ফুচকাওয়ালার হাতের ফুচকা খেয়ে বাড়ি ফেরা হত। বই কিনতে সবাই বই পাড়ায় যেত, আজকের দিনের মতন মোবাইলে ইন্টারনেট খুলে বই অর্ডার করতো না। বই পাড়ায় ঢুকলেই নতুন বইয়ের গন্ধ হারিয়ে গেছে আজ। কাকভোরে বাড়ির চাকর হরি কাকা বেরিয়ে পড়তো হাতে থলে নিয়ে দুধ আর রাজারহাটের ভেড়ি থেকে তুলে আনা রুই কাতলা শোল মাগুর কিনে আনতো। সেই কাঁচের বোতলের হরিণঘাটার দুধ হারিয়ে গেছে। আজ নিউটাউনের তলা থেকে সেই রুই কাতলার আর্তনাদ শয়ে শয়ে গাড়ির আওয়াজে ঢাকা পড়ে গেছে। মনে আছে সেবার বর্ষা কালে যদুবাবুর ঘাটে এক জেলের জালে এক জোড়া ইলিশ উঠেছিলো, একশো টাকা দাম চেয়েছিলো, খবরের কাগজে সেই ছবিও এসেছিলো। ছোটকাকা পরের দিন হেসে বাবাকে বলেছিলো – “তোমাকে বলেছিলাম এবারে এই গঙ্গায় ইলিশ উঠবে।” সেই ইলিশের আর দেখা মেলে না, সবুজ রঙের জল ধীরে ধীরে কালো রঙ নিয়েছে।

---

[সিরিজ সূচি](https://golpohub.com/series/rode-bheja-tilottoma) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/rode-bheja-tilottoma-s1-ep2)