চরম পরিণতির রুদ্ধশ্বাস ক্ষণ

6 মিনিট পড়া 888 শব্দ
চরম পরিণতির রুদ্ধশ্বাস ক্ষণ

তিরা বাথরুমের দরজা লাগিয়ে কাঁদতে শুরু করেছে। থরথর করে কাঁপছে সে। ওদিকে যাদিদ কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজায় টোকা দিল,

“তিরা.. বেরিয়ে এসো।”

তিরা কোনো জবাব দিল না। যাদিদ আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর বাথরুমের লকের চাবি খুঁজতে লাগলো। চাবি খুঁজে না পেয়ে যাদিদ আবার দরজায় টোকা দিয়ে বলল,

“দরজা খোলো তিরা, নাহয় দরজা ভেঙে ফেলব।”

এবারো তিরা দরজা খুলল না। কোনো জবাবও দিল না। এবার যাদিদ রাগে ফেটে পড়ল। দরজায় ধাক্কা দিয়ে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো। শব্দ শুনে রেহানা চলে এলেন। ছেলেকে এই অবস্থায় দেখে বললেন,

“তোর কি মাথা খারাপ হয়েছে যাদিদ? একে তো এতদিন ধরে ওকে কষ্ট দিলি তার উপর এখন আবার জেদ দেখাচ্ছিস! ওর যখন ইচ্ছা বের হবে।”

“মা তিরা অনেকক্ষণ ধরে বাথরুমে। এতবার ডেকেছি কোনো সাড়া দেয়নি। যদি আগেরবারের মত অজ্ঞান হয়ে যায়? ফর গড সেক তোমার কাছে চাবি থাকলে দাও, নাহয় আমি দরজা ভেঙে ফেলব।”

এ কথা শুনে রেহানারও চিন্তা হতে লাগলো। সে বলল,

“এ ঘরের সব চাবি তো আমি তিরাকে বুঝিয়ে দিয়েছি। আমার কাছে নেই।”

রেহানা চাবি খুঁজতে লাগলেন। ওদিকে যাদিদ আবার দরজায় ধাক্কা দিতে লাগলো। দরজা যখন কিছুটা আলগা হলো তখন ভেতরে একটা শব্দ হলো। যাদিদ রেহানা সবাই শব্দ শুনে চমকে গেল। যাদিদ আরো জোরে ধাক্কা দিলো। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা ভেঙে গেল। যাদিদ দেখল তিরা বাথরুমের জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। যেহেতু ওদের বাথরুমের উচ্চতা ঘরের মতই ১০ ফুট উঁচু তাই এটা সম্ভব হয়েছে। তিরা বালতি উল্টো করে তার উপর উঠে গলায় ওড়না পেঁচিয়ে বালতিটা লাথি মেরে ফেলে দিয়েছে। যাদিদ দৌড়ে গিয়ে তিরাকে কোলে নিয়ে গলা থেকে ওড়না খুলে তাকে ঘরে এনে বিছানায় বসালো।

রেহানা চিৎকার করে বললেন,

“এ কি করছিলি মা। কেন করছিলি?”

তিরা কিছুক্ষণ কাশলো। তার চোখে পানি। যাদিদ হঠাৎ করেই প্রচন্ড এক চড় বসালো তিরার গালে। রাগান্বিত স্বরে বলল,

“মরার এত শখ? এতদিন মরতে পারলি না? আজকে আমাকে দেখে মরতে ইচ্ছে করল?”

তিরা এবার শব্দ করে কাঁদতে লাগলো। রেহানা ছেলেকে ধমকে বলল,

“যাদিদ তোর সাহস তো কম না!”

যাদিদ মায়ের দিকে ফিরে বলল,

“মা প্লিজ তুমি তোমার ঘরে যাও। আমাদেরকে কথা বলতে দাও।”

রেহানা কি করবেন বুঝতে পারছিলেন না। ছেলেকে এত রাগান্বিত অবস্থায় তিরার কাছে একা রেখে যেতে সাহস হচ্ছেনা। কিন্তু যাদিদ এমনভাবে বলছে এখানে থাকাও সম্ভব না। যাদিদ আবার বলল,

“মা প্লিজ।”

রেহানা ঘর থেকে বের হতেই যাদিদ দরজা লাগিয়ে দিল। রেহানার এত ভয় করছিল যে তিনি দরজার পাশেই দাঁড়িয়ে রইলেন। যাদিদ তিরার সামনে দাঁড়িয়ে বলল,

“কী সমস্যা তোমার?”

তিরা কাঁদছে, কোনো কথা বলছে না। যাদিদ এবার আরো রেগে গিয়ে বলল,

“আমাকে দেখেই মরতে ইচ্ছে হলো! তা তোমার সমস্যা যদি আমি হই তাহলে পাগলের মত দিনরাত ফোন করতে কেন আমাকে? এত চিঠি লিখতে কেন? কেন বারবার আসতে বলতে?”

রাগে সারা শরীর কাঁপছে যাদিদের। তিরা চোখ মুছে উঠে গেল তার সামনে থেকে। দরজা খুলে ডাইনিং এ গিয়ে নাস্তা করতে বসলো। রেহানা তিরার কাছে গিয়ে বলল,

“মা আর কিছু দেব?”

“আপেলের জুস খাব মা।”

“এক্ষুণি বানিয়ে দিচ্ছি।”

যাদিদ দরজায় দাঁড়িয়ে এতক্ষণ সবকিছু দেখছিল। এবার ঘরে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দুহাতে মাথা ধরে বসে রইলো। তিরা নাস্তা খেয়ে রান্নাঘরে এসে ঢুকলো। এটা ওটা করার বাহানায় রান্নাঘরেই রইলো। রেহানা বললেন,

“ঘরে যাও তিরা। যাদিদ অপেক্ষা করছে।”

“আমি ওর সামনে যেতে পারব না মা।”

“কেন?”

“ও রেগে আছে। আর আমিও কোনো কথা খুঁজে পাচ্ছি না।”

“ও এতদিন যেমন অপরাধ করেছে। আজ তুমিও একটা ভয়ঙ্কর অপরাধ করেছ। ওর রেগে যাওয়া স্বাভাবিক। কিন্তু তুমি ঘরে যাও কিছু হবে না। ও এতদিন পর এসেছে তোমার দূরে থাকা ঠিক হবে না।”

তিরা ঘরে গেল। তিরাকে ঘরে ঢুকতে দেখে সাথে সাথেই যাদিদ কাপড় পালটে ঘর থেকে বের হয়ে গেল।

যাদিদ ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। রেহানা এসে পাশে বসতেই যাদিদ বলল,

“বাবা কোথায় মা?”

“তুই আসার একটু আগেই অফিসে গেল।”

“এত তাড়াতাড়ি অফিস?”

“আজ একটু আগে বেরিয়েছে। হয়তো অফিসের আগে কোনো কাজ আছে।”

“বাবা কি সব জানে মা?”

“কোন সব?”

“তিরা ওর পাস্ট সম্পর্কে তোমাকে যা বলেছে সেসব।”

“না তোর বাবাকে এসব কেন বলতে যাব?”

“মা তুমি কি জানো তুমি খুব ভালো একটা মানুষ?”

রেহানা হেসে বললেন,

“তিরার কাছে যা।”

“নাহ আমার মনে হয় এখন ওর সামনে না যাওয়াই ভাল। মাথা অনেক গরম হয়ে আছে। শেষে রাগের মাথায় এমন কিছু বলে ফেলব বা করে ফেলব যেটা আরো খারাপ হবে।”

রেহানা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন,

“কিছুই হবে না। তুই ঘরে যা, একবার ওর পেটের দিকে তাকা। চিন্তা কর সেখানে কে আছে। ফুটফুটে একটা মেয়ের মুখ দেখতে পাবি। দেখবি মাথা ঠান্ডা হয়ে গেছে।”

যাদিদ চমকে গিয়ে বলল,

“মেয়ে হবে?”

রেহানা হেসে বলল,

“হ্যাঁ।”

যাদিদ চুপ। তবে ভেতরে ভেতরে একটা অস্থিরতা হচ্ছে। রেহানা বললেন,

“এতকিছু করেও তোকে আনতে পারলাম না। আর তিরার পেট দেখাতেই চলে এলি। নিজের সন্তান এমনই হয়।”

যাদিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,

“শুধু এজন্য আসিনি।”

“তাহলে?”

“তিরার এই বিদ্ধস্ত অবস্থা দেখে মায়া লাগছিল। এতদিনের রাগ যে কোথায় গেল!”

রেহানা হাসলো। যাদিদ বলল,

“মা আমি কি চলে যাব?”

“এ আবার কেমন কথা? চলে চাবি কেন? কয়দিনের ছুটি?”

“এক মাসের ছুটি নিয়ে এসেছিলাম।”

“দারুণ! এক মাসের ছুটি! শুনলে তিরা পাগল হয়ে যাবে খুশিতে।”

“তিরা আমাকে দেখেই যা করল তা তো দেখলেই। আমি চোখের সামনে থাকলে যদি আবারও কোনো অঘটন ঘটিয়ে ফেলে?”

“তিরা কেন এমন কাজ করতে যাচ্ছিল আমি জানিনা। কিন্তু ৭ টা মাস বাচ্চা পেটে নিয়ে স্বামীর উপেক্ষা সহ্য করা অনেক কঠিন কাজ বাবা। একটু রাগ একটু অভিমান তো ওর হতেই পারে।”

“তাই বলে মরতে যাবে? আমি এসেছি, আমার সাথে ঝগড়া করতো। রাগ করে কথা না বলত। কিংবা অন্যকোনো ভাবে রাগ দেখাতো। মরতে কেন গেল? মরে গেলে ওর এই রাগ-অভিমানের কী দাম থাকতো?”

“ঘরে যা বাবা। তিরার সাথে কথা বল। সব মিটে যাবে দেখিস। তোকে অনেক বেশি ভালোবাসে মেয়েটা। আমি নিজের চোখে দেখেছি।”

অধ্যায় 44 সমাপ্ত

আপনি এই অধ্যায়টি পড়া শেষ করেছেন। পরবর্তী পর্বে যান অথবা আপনার প্রতিক্রিয়া জানান!

মন্তব্যসমূহ

0

আলোচনায় যোগ দিন

মতামত জানাতে এবং পাঠকদের সাথে আলোচনায় অংশ নিতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।

প্রথম মন্তব্যটি করে আলোচনা শুরু করুন!